বিশ্বকাপের অবকাঠামো নির্মাণে মৃত শ্রমিকের সংখ্যা জানাল কাতার!
স্টেডিয়ামসহ ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের অবকাঠামো নির্মাণে মৃত শ্রমিকদের সংখ্যা জানিয়েছেন কাতারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পালন করা সুপ্রিম কমিটির মহাসচিব হাসান আল-তাওয়াদি। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে মৃত শ্রমিকদের সংখ্যার কথা তুলে ধরেন তিনি।
তার মতে, টুর্নামেন্টের অবকাঠামো নির্মাণে মৃত শ্রমিকদের সংখ্যা ৪০০ থেকে ৫০০ জন। এর আগে কাতার মৃত শ্রমিকদের যে সংখ্যার কথা বলেছিল তা থেকে অনেক বেশি।
সাক্ষাৎকারে আল-তাওয়াদির কাছে প্রশ্ন করা হয় যে, বিশ্বকাপ আয়োজনে সব মিলিয়ে আসলে কতজন অভিবাসী শ্রমিকদের মৃত্যু হয় বলে আপনি মনে করেন?
জবাবে কাতারি কর্মকর্তা বলেন, মৃতদের সংখ্যা ৪০০ থেকে ৫০০ বলে ধারণা করা হয়। একেবারে নির্দিষ্ট সংখ্যা আমার জানা নেই। এটি আলোচনার বিষয়।
অবশ্য আনুষ্ঠানিকভাবে মৃত অভিবাসী শ্রমিকদের নিয়ে কিছু বলেনি কাতার।
সুপ্রিম কমিটির এক প্রতিবেদনে ২০১৪ থেকে ২০২১ সালের শেষ পর্যন্ত বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণ ও সংস্কার কাজে মৃত শ্রমিকদের সংখ্যা মাত্র ৪০ জন বলে দাবি করা হয়। এর মধ্যে ৩৭ জন মৃত্যু হার্ট অ্যাটাকে আর মাত্র তিনজন কর্মস্থলের ঘটনায় মারা যান। আরেক পৃথক প্রতিবেদনে এক শ্রমিকের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।
আল-তাওয়াদি ইঙ্গিত দেন যে, টুর্নামেন্টের জন্য সবধরনের অবকাঠামো নির্মাণকাজে ৪০০ থেকে ৫০০ শ্রমিকের মৃত্যু হয়েছে।
পরে এক বিবৃতিতে সুপ্রিম কমিটি বলেছে, আল-তাওয়াদি যে সংখ্যার কথা উল্লেখ করেছেন তা ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত কাতারজুড়ে কর্মস্থল সংশ্লিষ্ট সব মৃতের সংখ্যা। এ সংখ্যায় কাতারের সবখাত ও জাতীয়তা অন্তর্ভুক্ত রয়েছে।
আল-তাওয়াদি বলেন, একজনের মৃত্যুতে অনেকের মৃত্যু হয়। এটি সহজ ও সাধারণ।