সৈকতে এলো ফোস্কা পড়া তিমি মাছ, জলদানব দেখতে ভিড়
৪৪ ফুট দীর্ঘ তিমি মাছ। সেই মাছটি পড়েছিল কেপটাউনের সৈকতে। এত বড় জলদানব দেখতে সৈকতে প্রতিদিন ভিড় জমান হাজার হাজার মানুষ। দেখার আরো অন্যতম কারণ হচ্ছে, প্রায় ২৭ টন ওজনের জলদানবের সারা শরীরজুড়ে ছিল অসংখ্য দগদগে ফোস্কা।
কেপটাউনের সৈকতে তিমির মৃতদেহ ভেসে আসার দৃশ্য নতুন নয়। তবে এ তিমি মাছটিকে দেখে তার মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধে কৌতুহল। বিশাল তিমি মাছটি কীভাবে মারা গেল? কোনোভাবে আগুনে পুড়ে গিয়েছে কিনা। তাছাড়া সমুদ্রের গভীরে থাকা একটি প্রাণী আগুনের সংস্পর্শে এলোই বা কী করে তা নিয়েই শুরু হয় নানা রকম জল্পনা।
তিমি বিশেষজ্ঞরা জানান, ৪৪ ফুট দীর্ঘ তিমি মাছটির মুখের উপরের চোয়াল, ঠোঁট, গলা, ডানা, লেজের মাথা এমনকি যৌনাঙ্গের দুইপাশেও ছিল ফোস্কা। তবে কী কারণে এ ফোস্কা পড়েছে তার কারণ স্পষ্ট করে জানাননি তারা। বিশেষজ্ঞরা বলেছেন, ময়নাতদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
.png)
আপাতত ঐ তিমি মাছটিকে সৈকত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বিশেষজ্ঞরা জানান, মাছটির শরীর থেকে সৈকতে বিষাক্ত তরল বেরিয়ে আসছিল। তা থেকে যাতে জীবানু না ছড়ায়, সেজন্যই সেটিকে সরানোর ব্যবস্থা করেছে তারা।
তিমি মাছটির মৃত্যুর কারণ জানতে চেয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন, এর কারণ সিসমিক ব্লাস্ট কিনা। জবাবে বিশেষজ্ঞরা জানান, সম্ভবত প্রাকৃতিক কারণেই তিমিটির মৃত্যু হয়েছে।