ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নতুন হামলার গুঞ্জন, বেলারুশে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ১৬ ডিসেম্বর ২০২২
নতুন হামলার গুঞ্জন, বেলারুশে যাচ্ছেন পুতিন
আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ভ্লাদিমির পুতিন- ফাইল ফটো

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে বেলারুশ যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সোমবার আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন তারা।

শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট দফতর পুতিনের সফর সূচি নিশ্চিত করেছেন।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি দ্য ইকোনোমিক টাইমসকে সম্প্রতি জানান, নতুন করে রাজধানী কিয়েভে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। নতুন হামলার গুঞ্জনের মধ্যেই বেলারুশে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

Advertisement

ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার আগে ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশে অবস্থান নেয় ৩০ হাজার রুশ সেনা। সেখান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের উদ্দেশ্যে ঢুকে পড়েছিলেন তারা। তবে তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়। এর প্রায় ১০ মাস পর বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর দেখা করতে দেশটিতে যাচ্ছেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট সর্বশেষ বেলারুশে যান ২০১৯ সালে। এখন এমন সময় তিনি আবার দেশটিতে যাচ্ছেন যখন ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। কিয়েভ আক্রমণে রাশিয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক স্থান হলো বেলারুশ সীমান্ত।

এদিকে, বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। ইউরোপের সর্বশেষ ‘একনায়ক’ হিসেবে খ্যাত লুকাশেঙ্কো রাশিয়া ও প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রেখেছেন। এর বদলে পুতিনের কাছ থেকে অনেক সুবিধাও আদায় করেন তিনি।

পশ্চিমাদেশগুলো আশঙ্কা করে আসছে, রাশিয়ার সঙ্গে ইউক্রেন হামলায় যোগ দিতে পারে বেলারুশের সেনারাও। তবে লুকাশেঙ্কো প্রথম থেকে এটি প্রত্যাখ্যান করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!