ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের উপহার বিস্ফোরণ, আহত পোল্যান্ডের পুলিশ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৩, ১৬ ডিসেম্বর ২০২২
ইউক্রেনের উপহার বিস্ফোরণ, আহত পোল্যান্ডের পুলিশ প্রধান
পোল্যান্ডের পুলিশ প্রধান জারোস্লো সিমশেক- ফাইল ফটো

দুই সপ্তাহ আগে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে যান পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডের পুলিশ প্রধান জারোস্লো সিমশেক। দেশে ফেরার সময় তাকে কিছু উপহার দেন ইউক্রেনের কর্মকর্তারা। তবে ইউক্রেনের দেওয়া একটি উপহার বিস্ফোরিত হলে আহত পোলিশ পুলিশ প্রধান। তাকে দ্রুতই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, উপহার বিস্ফোরিত হয়ে পুলিশ প্রধানের আহত হওয়ার ব্যাপারে পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, পুলিশ প্রধানের অফিসের পাশের কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে।

‘গত ১১-১২ ডিসেম্বর সরকারি সফরে ইউক্রেনে যান পুলিশ প্রধান। সেখানে তিনি ইউক্রেনের পুলিশ প্রধান ও জরুরি সেবা পরিচালনাকারী সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাকে কিছু উপহার দেওয়া হয়। সে উপহারেরই একটি বিস্ফোরিত হয়।

Advertisement

বিবৃতিতে আরো বলা হয়, ইউক্রেনের কোনো এক বাহিনীর প্রধানের কাছ থেকে এ উপহারটি গ্রহণ করেছিলেন জারোস্লো সিমশেক। এছাড়া উপহারে কী ছিল এবং কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো সেটির কারণ ইউক্রেনের কাছে জানতে চাওয়া হয়েছে।

বিস্ফোরণের ব্যাপারে তথ্য জানতে ইউক্রেনের পুলিশ সদর দফতরে যোগাযোগ করেছিল সিএনএন। তবে সংবাদমাধ্যমটির কাছে এ নিয়ে কোনো মন্তব্য করেনি সংস্থাটি।

পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে আরো বলা হয়, পুলিশ প্রধান জারোস্লো সিমশেকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আরো একজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তাই তাকে আর হাসপাতালে নিতে হয়নি।

এদিকে, মাত্র দুই সপ্তাহ আগে ইউরোপের বেশ কয়েকটি দেশে ইউক্রেনের দূতাবাসে রক্তে ভেজা ও প্রাণীর চোখসহ বাক্স পাঠিয়েছিল অজ্ঞাতরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পোল্যান্ডের পুলিশ প্রধান বিস্ফোরণে আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!