ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

করোনায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা গোপন রাখবে চীন!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯, ২৫ ডিসেম্বর ২০২২
করোনায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা গোপন রাখবে চীন!
ছবি: সংগৃহীত

বিক্ষোভের জেরে ‘জিরো কোভিড নীতি’ শিথিলের পর করোনার তাণ্ডবে টালমাটাল চীন। দেশটিতে ব্যাপকহারে করোনা সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এ পরিস্থিতিতে দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়েও ছড়াচ্ছে নানা তথ্য। এর মধ্যেই নতুন করে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আর প্রকাশ না করার কথা জানিয়েছে চীন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার থেকে দৈনিক করোনা রোগী শনাক্তের সংখ্যা আর প্রকাশ না করার কথা জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। যদিও এ সংস্থাটি গত তিন বছর বা তারও বেশি সময় ধরে চীনের দৈনিক করোনা শনাক্তের পরিসংখ্যান প্রকাশ করে আসছিল।

এদিকে, সিদ্ধান্ত পরিবর্তনের কোনো কারণ সামনে আনেনি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রেফারেন্স ও গবেষণার জন্য কোভিডের প্রাসঙ্গিক তথ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার মাধ্যমে প্রকাশ করা হবে।

Advertisement

অন্যদিকে, চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, চলতি সপ্তাহে একদিনে দেশটিতে অন্তত ৩ কোটি ৭০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। আর সংক্রমণের এই ঊর্ধ্বগতির কারণে বিশ্বের সবচেয়ে ভয়াবহ করোনা প্রাদুর্ভাবের মুখোমুখি হয়ে উঠেছে চীন।

গত শুক্রবার দেশটির সরকারের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরের প্রথম ২০ দিনে প্রায় ২৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন; যা দেশটির মোট জনসংখ্যার ১৮ শতাংশ। সেই হিসাবে দৈনিক সংক্রমণ গড়ে ১ কোটি ২২ লাখ।

২০২২ সালের জানুয়ারিতে চীনে দৈনিক করোনায় আক্রান্ত হয়েছিল ৪০ লাখ মানুষ। সেই সংখ্যাকেও এবার ছাড়িয়ে গেছে দেশটি। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ এ দেশে, যা চীনকে করোনার চতুর্থ ঢেউ ভাসিয়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ধারণা, দেশটিতে এবার করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশ এবং রাজধানী বেজিংয়ের অর্ধেকেরও বেশি বাসিন্দা এতে সংক্রমিত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: করোনা চীন
লিংক সফলভাবে কপি হয়েছে!