ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ক্ষমতা হাতে নিয়েই দেশ ছাড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৯, ৩১ ডিসেম্বর ২০২২
ক্ষমতা হাতে নিয়েই দেশ ছাড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

ক্ষমতা হস্তান্তর না করে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট জেইর বলসোনারো। বিদায়ী ভাষণে তিনি বলেন, লড়াইয়ে হেরেছি, যুদ্ধে নয়’। 

গত ৩০ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে কট্টর ডানপন্থি নেতা বলসোনারোকে হারান সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থি নেতা লুলা ডা সিলভা। দুই দফার নির্বাচনে ২০ লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন তিনি।

ব্রাজিলের ইতিহাসে প্রথমবার কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন বলসোনারো। তবে নির্বাচনের এ ফলাফল কখনোই মেনে নেননি তিনি। ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ তুললেও সে বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেননি ডানপন্থি এ নেতা।

নির্বাচনে হারার পর খুব কমই মুখ খুলেছেন বলসোনারো। তিনি আগেই বলেছিলেন, আগামী ১ জানুয়ারি ব্রাজিলের গণতান্ত্রিক ঐতিহ্য অনুসারে লুলার হাতে প্রেসিডেন্সিয়াল স্যাশ হস্তান্তর করবেন না।

দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট। এতে নিজের শাসনামলে উল্লেখযোগ্য বিভিন্ন কাজের বর্ণনা এবং লুলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে অনুসারীদের অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন তিনি।

সূত্র- আল-জাজিরা। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!