মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, করাচিতে ভারতীয় বিমানের জরুরি অবতরণ
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে জরুরি অবতরণ করেছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইট।
সোমবার (১৩ মার্চ) ভারতের রাজধানী দিল্লি থেকে কাতারের দোহা যাওয়ার পথে মেডিকেল ইমার্জেন্সির কারণে ফ্লাইটটি সেখানে জরুরি অবতরণ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, জরুরি অবতরণ করানোর পরও মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়া সেই যাত্রীকে বাঁচানো যায়নি। অবতরণের পর করাচি বিমানবন্দরের মেডিকেল টিম ওই যাত্রীকে মৃত ঘোষণা করে।
.png)
আরো পড়ুন>> রাস্তায় ফুচকা বিক্রি করছেন উচ্চ শিক্ষিত তরুণী!
ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লি থেকে দোহা যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে নিয়ে করাচিতে জরুরি অবতরণের পর বিমানবন্দরের মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করে। মৃত ওই যাত্রী নাইজেরিয়ান নাগরিক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, করাচিতে জরুরি অবতরণ করার পর যাত্রীকে মৃত ঘোষণা করা হলে তার মরদেহ নিয়েই ফ্লাইটটি দিল্লিতে ফিরে যায়।
ইন্ডিগো বলেছে, ‘আমরা এই খবরে গভীরভাবে শোকাহত এবং আমাদের প্রার্থনা ও শুভেচ্ছা ওই যাত্রীর পরিবার ও প্রিয়জনদের সাথে রয়েছে। আমরা বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ফ্লাইটের অন্য যাত্রীদের স্থানান্তরের ব্যবস্থা করছি।’