‘ডলার বেচে সোনা কিনুন’
রুশ উদ্যোক্তা ও শিল্পপতি ওলেগ ডেরিপাস্কা বলেছেন, সময় থাকতে এখনই ডলার বেচুন। এর বদলে সোনা-ইউরো-ইউয়ান কিনে রাখুন। খবর প্রভাদা’র।
রবার্ট কিয়োসাকির সর্বাধিক বিক্রীত বই ‘রিচ ড্যাড পোর ড্যাড’য়ের প্রতিক্রিয়ায় সম্প্রতি টেলিগ্রামে রুশ বিলিয়নিয়ার এ তথ্য জানিয়েছেন। ডেরিপাস্কা টেলিগ্রামে মূলত যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের অর্থনৈতিক সংকটের কথা বুঝাতেই এমন কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের আগত অর্থনৈতিক সংকট নিয়ে লেখা ঐ বইয়ের প্রতিক্রিয়ায় ডেরিপাস্কা জানান, কথা যদি দশ শতাংশও সঠিক প্রমাণিত হয়, তবে খুব দ্রুত ডলার বিক্রি করতে হবে। এখনই হবে ইউরো, ইউয়ান এবং সোনা কেনার উপযুক্ত সময়।
.png)
বইটির লেখক কিয়োসাকি ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি ‘লেম্যান ব্রাদার্সে’র পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। তখন বিনিয়োগকারীদের আরো সোনা, রুপা এবং বিটকয়েন কিনতে উৎসাহিত করেছিলেন।
যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে সংকটের কারণে বর্তমানে বাজারের পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। দেশটির সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) এ বছর ১০ মার্চ দেউলিয়া হয়ে যায়। এর কিছুদিন পরেই নিউইয়র্কের সিগনেচার ব্যাংকও নানা ধরনের ঝুঁকির কারণে বন্ধ হয়ে যায়। এর ফলে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি সম্পর্কে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আশঙ্কা বেড়েছে।