রমজানকে সামনে রেখে দেশে দেশে শুরু হয়েছে প্রস্তুতি। আর পবিত্র এই মাস উপলক্ষে এক হাজারেরও বেশি বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছে আরব আমিরাত। মঙ্গলবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
আরো পড়ুন>> নির্মাণাধীন দেয়ালে চাপা পড়ে পর্তুগালে ২ বাংলাদেশি নিহত
.png)
প্রতিবেদনে বলা হয়েছে, রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ কারাগার থেকে ১ হাজার ২৫ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষমাপ্রাপ্ত এসব বন্দিকে বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল।
রমজান মাসের শুরুর সময় নির্ধারণের জন্য সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার মাগরিবের নামাজের পরে বৈঠকে বসবে। মূলত রমজান শুরু হওয়ার আগে মুসলিম এবং ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার জন্য সন্ধ্যার আকাশের দিকে নজর রাখেন। আর এটি একটি ঐতিহ্য যা ইসলামে যুগ যুগ ধরে অনুসরণ করা হয়েছে।
আজ যদি সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা যায় তবে ২২ মার্চ (বুধবার) পবিত্র রমজান থেকে শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে পবিত্র এই মাসটি আমিরাতে ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হবে। মূলত চাঁদ কখন দেখা যায় তার ওপর নির্ভর করে ইসলামিক মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।
সূত্র: খালিজ টাইমস