সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, লিসেস্টার স্কয়ারের সঙ্গে পিকাডিলির সংযোগ ঘটানো কভেন্ট্রি স্ট্রিটে গেলেই চোখে পড়ছে উজ্জ্বল আলোয় জ্বলজ্বল করছে ‘হ্যাপি রামাদান’ (শুভ রমজান) লেখা। সম্প্রতি এই আলোকসজ্জার উদ্বোধন করেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনিও শহরটিতে বসবাসরত ১৩ লাখ মুসলিমের মতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন রমজানের জন্য।
মেয়র সাদিক খান উদ্বোধন করলেও এই প্রদর্শনীর মূল উদ্যোক্তার নাম আয়েশা দেশাই। ক্রিসমাস লাইটে অনুপ্রাণিত হয়ে রমজান উপলক্ষে তিনি একই ধরনের আলোকসজ্জার আয়োজন করতে চেয়েছিলেন।
.png)

তিনি বলেন, এটি ক্রিসমাস লাইটের মতো করার ইচ্ছা ছিল আমার। বড় বোনের সঙ্গে ক্রিসমাস লাইট দেখতে যেতাম। আমি সেই আনন্দ ও জাদু লন্ডনে আনতে চেয়েছিলাম।
আয়েশা দেশাই আরও বলেন, রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিবেশীদের জানাতে চেয়েছিলাম, এটি আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। আমার কাছে বছরের সবচেয়ে প্রিয় মাস এটি।
আরো পড়ুন>> বিদ্রোহীদের হামলায় মিয়ানমারে ৮৮ সেনা নিহত
আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়েছে পুরো লন্ডনের বিভিন্ন এলাকাজুড়ে। দক্ষিণ কেনসিংটনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়ামে উন্মুক্ত ইফতারের আয়োজন করা হবে।
শুধু তাই নয়, মিউজিয়ামটিতে একটি অস্থায়ী মসজিদ এবং রমজান প্যাভিলিয়নও তৈরি করা হয়েছে। এছাড়া, উন্মুক্ত ইফতার আয়োজন করবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। মাঠের পিচের পাশে এই উন্মুক্ত ইফতার আয়োজন করবে তারা। মাসের শেষের দিকে একই কাজ করবে ওয়েম্বলি স্টেডিয়ামও।