কম্বল ধরে টান দিতেই বেরিয়ে এলো ৬ ফুটের ভয়ঙ্কর ‘ইস্টার্ন ব্রাউন’
বাড়ির কর্ত্রী ঘর পরিষ্কার করার পর বিছানার চাদর পাল্টাতে গিয়ে খেয়াল করলেন কম্বলের নিচে কিছু একটা নড়াচড়া করছে। চোখের ভ্রম ভেবে বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি। ঘটনাটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের।
চাদর তোলার আগে কম্বল ভাঁজ করতে যেতেই কালো একটা দড়ির মতো কম্বলের নিচ থেকে বেরিয়ে থাকতে দেখেন। সেটিও অগ্রাহ্য করে কম্বল ধরে টান দিতে গেলে বেরিয়ে আসে ৬ ফুটের একটি বিষধর ‘ইস্টার্ন ব্রাউন’ সাপ! কম্বল ফেলে তিনি ঘরের দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। এরপর সাপ উদ্ধারকারী সংস্থাকে খবর দেন।
সাপ উদ্ধারকারী সংস্থার মালিক জ্যাকারি রিচার্ডস বলেন, আমি যখন ঐ নারীর বাড়িতে যাই, তখন দেখি তিনি দরজা আটকে বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি আমাদের জানান ঘরের ভেতরেই বিশাল একটি সাপ রয়েছে।
.png)
এরপর জ্যাকারি দরজা খুলে সন্তর্পণে ঘরে ঢোকেন। তখনো সাপটি বিছানার উপরই ছিল। জ্যাকারি জানান, ঘরে ঢুকতেই দেখেন সাপটি দরজার দিকে তাকিয়ে রয়েছে। এরপর সেটিকে উদ্ধার করে নিয়ে যান।
জ্যাকারি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, যে সাপটি তিনি উদ্ধার করেছেন, সেটি ‘ইস্টার্ন ব্রাউন’ সাপ। বাইরে প্রচণ্ড গরম থাকায় সাপটি সেই তাপ থেকে বাঁচতে ঘরের ভেতরে আশ্রয় নিয়েছিল। অস্ট্রেলিয়ার অন্যতম বিষধর সাপ ‘ইস্টার্ন ব্রাউন’। এই সাপের বিষে আক্রান্তের স্নায়ু, হৃদ্যন্ত্র, ফুসফুস কাজ করা বন্ধ করে দেয়। ফলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়।
সূত্র: সিবিএস নিউজ