দেশটিতে এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলাকালে ইসরায়েল দেশটির ভূখণ্ডে কয়েকশ বিমান হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে ইরান সমর্থিত বাহিনী এবং লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
সংবাদমাধ্যম এএফপি’র এক সংবাদদাতা জানান, বুধবার সিরিয়ার রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
.png)
সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সানা পরিবেশিত খবরে বলা হয়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর ইসরায়েলি শত্রুরা দামেস্কের দক্ষিণ-পশ্চিমে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে অধিকৃত গোলান মালভূমির দিক থেকে বিমান হামলা চালায়।
সূত্রটি লক্ষ্যবস্তু বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ না করে বলেছে, ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার এক সেনা ‘মারাত্মকভাবে আহত’ হয়েছে এবং দেশটির কাঠামোগত ক্ষতি হয়েছে।
সূত্রটি আরো জানায়, সিরিয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয়।
এদিকে সিরিয়ার উপর চালানো হামলার বিষয়ে ইসরায়েলকে খুব কম ক্ষেত্রেই মন্তব্য করতে দেখা যায়। তবে তারা বারবার বলে আসছে যে, দেশটি তাদের প্রধান শত্রু ইরানকে সেখানে অবস্থান শক্ত করতে দেবে না।