সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ‘ইআরএ৫ ডাটায় যে তথ্য রয়েছে, সেটি অনুযায়ী, ২০২৩ সালের জুনের প্রথম সপ্তাহে বিশ্বের বায়ুমণ্ডলের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল।’
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক এ সংস্থাটির গবেষকরা জানিয়েছেন, শিল্পপূর্ব যুগে বিশ্বে যে তাপমাত্রা ছিল, এবার জুনের প্রথম সপ্তাহে সেটি থেকে তাপমাত্রা প্রথমবারের মতো ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে দেখা গেছে।
.png)
সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১১ জুন গড় তাপমাত্রা সর্বোচ্চ ১ দশমিক ৬৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। আর গত ৮ ও ৯ জুন যে গড় তাপমাত্রা ছিল তা গত বছরের ঠিক একই দিনের তাপমাত্রার চেয়ে ০ দশমিক ৪ ডিগ্রি বেশি ছিল।
ইআরএ৫ ডাটায় থাকা তথ্যগুলোর কিছু কিছু ১৯৪০ সালেরও আগের। ইইউর কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (সি3এস) উপপরিচালক সামান্থা বারগেস এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্ব জুনের প্রথম সপ্তাহে সবচেয়ে উষ্ণতম সময় প্রত্যক্ষ করেছে।’
এ বিষয়ে নানা গবেষণা করেছেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, ‘বৈশ্বিক তাপমাত্রায় যে স্বল্পকালীন বৃদ্ধি দেখা গেছে, তা ইঙ্গিত করছে সামনে আরও দাবদাহ দেখা যাবে। কারণ বিশ্ব ইতোমধ্যেই এল নিনো ধাপে প্রবেশ করেছে। যা আগামী কয়েক বছর বিদ্যমান থাকবে। আর এ সময়ে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি হতে পারে।
সূত্র: আল জাজিরা