ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান-৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ৭ আগস্ট ২০২৩
চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান-৩
চাঁদ - ফাইল ছবি

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) মহাকাশ যান ‘চন্দ্রযান-৩’ এর তোলা চাঁদের কতগুলো ছবি প্রকাশ করেছে।

শনিবার (৫ আগস্ট) মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

ছবিতে দেখা যায় যে, মহাকাশযান যত কাছে আসছে, ততই চন্দ্রপৃষ্ঠের গর্তগুলো আরো বড় হচ্ছে। আগামী ২৩ আগস্ট চাঁদের পৃষ্ঠে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ও রোভার অবতরণ করবে।

যদি সব ঠিকঠাক থাকে, তবে ভারত হবে প্রথম কোনো দেশ, যেটি চাঁদের দক্ষিণ মেরুতে নিয়ন্ত্রিত অবতরণের সাফল্য পাবে। পাশাপাশি চাঁদে অবতরণ করা চতুর্থ দেশ হবে ভারত। এর আগে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের মহাকাশযান চাঁদে অবতরণ করে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বলছে, সব পরীক্ষায় দেখা গেছে, চন্দ্রযান-৩ ভালো অবস্থায় আছে। এটি আরো উল্লেখ করেছে যে, তিনবার সফলভাবে চন্দ্র কক্ষপথে মহাকাশযান পাঠাতে পেরেছে ইসরো। 

এর আগে ইসরোর বিজ্ঞানীরা জানান, চাঁদের পৃষ্ঠের রাসায়নিক বিশ্লেষণ করে চাঁদের বয়স আবিষ্কারেরও চেষ্টা হবে। চন্দ্রপৃষ্ঠের ওই দক্ষিণ মেরু অংশেই ২০০৮ সালে পানির সন্ধান পেয়েছিল চন্দ্রযান-১।

১৪ জুলাই ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণকেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে ‘চন্দ্রযান-৩’। এখনও পর্যন্ত মোট যাত্রাপথের দুই-তৃতীয়াংশ অতিক্রম করেছে যানটি।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!