ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে বাড়ছে আত্মহত্যা, এক বছরে অর্ধলাখ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৩৯, ১৩ আগস্ট ২০২৩
যুক্তরাষ্ট্রে বাড়ছে আত্মহত্যা, এক বছরে অর্ধলাখ মানুষের মৃত্যু
ছবি: প্রতীকী

উন্নত বিশ্বে বেড়ে চলেছে আত্মহত্যার প্রবণতা। আর এ দিক দিয়ে অন্য দেশগুলোর চেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রে ২০২২ সালে আত্মহত্যায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, গত বছর ৪৯ হাজারের বেশি আমেরিকান নিজেকে নিজে শেষ করে দিয়েছেন। যা এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি।

সংস্থাটি আরো জানিয়েছে, ২০২২ সালে আত্মহত্যাকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি আত্মহত্যায় অস্ত্র ব্যবহার করেছেন।

Advertisement

নতুন এই প্রতিবেদন নিয়ে মার্কিন সার্জন জেনারেল ড. ভিভেক মুর্থি বলেন, মানসিক স্বাস্থ্য আমাদের সময়ে জনস্বাস্থ্যের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আত্মহত্যার এই বড় সংখ্যাটি প্রমাণ করে যে আমাদের মানসিক স্বাস্থ্যের পরিষেবা আরো বৃদ্ধি করা প্রয়োজন। সবথেকে ভয়াবহ অবস্থা মার্কিন বয়স্ক মানুষদের। ৬৫ বছরের বেশি বয়স্কদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা ২০০৭ সাল থেকে ২০২১ সালের মধ্যে ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া শুধু ২০২২ সালেই এই বয়সের মানুষদের মধ্যে আত্মহত্যার হার বেড়েছে ৮.১ শতাংশ। অর্ধলক্ষ আত্মহত্যার মধ্যে ১০ হাজার ৪৩৩টি কেস শুধু এই বয়স্কদের মধ্যেই।

তবে যুক্তরাষ্ট্রে মানসিক স্বাস্থ্যের সমস্যা সব বয়সের মানুষদের মধ্যেই গুরুতর হয়ে উঠছে। গত মার্চ মাসে সিডিসির করা এক জরিপ থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্কুলে পড়া মেয়েদের প্রতি তিন জনের একজনই কখনো না কখনো আত্মহত্যার কথা ভেবেছে।

অপরদিকে ৫৭ শতাংশই জানিয়েছে যে তারা জীবন নিয়ে কোনো আশা দেখছে না। সিডিসি’র জুন মাসের জরিপ বলছে, প্রতি পাঁচ জন মার্কিনির মধ্যে একজনই তার জীবন নিয়ে হতাশায় ভুগেছেন। এরমধ্যে হাওয়াইতে এই হতাশায় ভোগা মানুষের সংখ্যা ১৩ শতাংশ এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় ২৭.৫ শতাংশ।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!