‘স্বর্গের সিঁড়ি’ বেয়ে উঠতে গিয়ে ৩০০ ফুট ওপর থেকে পড়ে মৃত্যু
অস্ট্রিয়ার একটি পর্বতে অবস্থিত দুরারোহ একটি মইয়ের ৩০০ ফুট উচ্চতা থেকে পড়ে এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে। ৪২ বছর বয়স্ক ব্যক্তিটি একাকী ‘স্বর্গের সিঁড়ি’ নামে পরিচিত মইটি বেয়ে উঠছিলেন। ১২ সেপ্টেম্বর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। তবে ওই ব্রিটিশ পর্যটকের পরিচয় প্রকাশ করা হয়নি।
ওই ব্রিটিশ পর্যটক নর্দার্ন লাইমস্টোন আল্পসের অংশ দাসাতাইন পর্বতমালায় অবস্থিত সিঁড়িটির শেষ মাথায় গিয়ে পড়ে যান। এ সিঁড়িটি ভায়া-ফেরাতা বা ‘লৌহ পথ’ নামে পরিচিতি পেয়েছে। অনেকে আবার একে আদর করে ডাকেন, ‘স্বর্গের সিঁড়ি’। সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এ এলাকাটি ইনস্টাগ্রামে দেওয়ার জন্য অসাধারণ ছবির খোঁজে থাকা পর্যটকদের মধ্যে দারুণ জনপ্রিয়।
.png)
ওই ব্যক্তি একাকী সিঁড়ি বেয়ে ওঠার সময় ১২ সেপ্টেম্বর মর্মান্তিক ঘটনাটি ঘটে। তখন পা পিছলে নিচের উপত্যকায় পড়ে যান। দুর্ঘটনার পরপরই পুলিশ এবং দুটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তাকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পর উদ্ধারকারীরা তার মরদেহ উদ্ধার করে।
দাসাতাইন এলাকার পর্যটন-সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটে সিঁড়িটিকে ওই এলাকার নতুন সেরা আকর্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কেবলমাত্র অভিজ্ঞদেরই এতে চড়া উচিত বলে ওয়েবসাইটে সতর্ক করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকলেই কেবল এতে আরোহণের পরামর্শ দেওয়া হয়েছে।