ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লটারি জিতে প্রথমেই স্ত্রীর জন্য ফুল কিনলেন বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৩
লটারি জিতে প্রথমেই স্ত্রীর জন্য ফুল কিনলেন বৃদ্ধ
ওয়াল্ডেমার ‘বাড’ - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ৫০ লাখ ডলারের লটারি জিতেছেন ৭৭ বছর বয়সী এক বৃদ্ধ। বিপুল পরিমাণ অর্থ পাওয়ার পর স্ত্রীর জন্য ফুলের তোড়া এবং নিজের জন্য একটি তরমুজ কিনে আলোচনায় তিনি।

গত বুধবার এক বিবৃতিতে কলোরাডো লটারি কর্তৃপক্ষ মন্ট্রোজের বাসিন্দা ওয়াল্ডেমার ‘বাড’ ট্যাশকে বিজয়ী ঘোষণা করে। লটারির পুরস্কার বাবদ ৫০ লাখ ৬৭ হাজার ডলার জিতেছেন এই বৃদ্ধ।

গত ৬ সেপ্টেম্বর যখন লটারির ড্র অনুষ্ঠিত হয়, তখন হলি ক্রস এলাকায় ট্যুরে ব্যস্ত ছিলেন বাড। ট্যুর শেষে ফিরে যখন ওয়েবসাইটে নিজের টিকিটের নম্বর মেলান, তখন বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি বিজয়ী হয়েছেন। ভাবছিলেন, কোথাও ভুল হলো না তো!

Advertisement

বাড জানান, তিনি প্রতি মাসেই কলোরাডো লোটো প্লাসের টিকিট কিনে থাকেন। সবশেষ ভাগ্য বদলে দেওয়া টিকিটটি কিনেছিলেন মন্ট্রোজের হানজিন ট্রি ট্রাভেল প্লাজা থেকে।

এতে জ্যাকপট হিসেবে বাড জেতেন ৫০ লাখ ৬৭ হাজার ৪১ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি ৮৪ লাখ টাকা। পরে ক্যাশ অপশন ব্যবহার করে নগদ ২৫ লাখ ৩৩ হাজার ৫২০ ডলার নিয়ে লটারি অফিস থেকে বেরিয়ে আসেন তিনি।

নগদ টাকা হাতে পাওয়ার পর প্রথম কী করেছিলেন জানতে চাইলে তিনি জানান, সবার আগে স্ত্রীর জন্য এক গোছা ফুল ও নিজের জন্য একটি তরমুজ কিনেছিলেন।

খুব শিগগির বাডের স্ত্রীর অস্ত্রোপচারের প্রয়োজন। এমন সময়ে বিশাল অংকের টাকা লটারিতে জেতায় স্বাভাবিকভাবেই যারপরনাই খুশি বৃদ্ধ। এখন স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসার জন্য তাকে আর বেগ পেতে হবে না।

এছাড়া, পুরস্কারের টাকার কিছু অংশ দাতব্য কাজে ব্যয় করবেন বলেও জানিয়েছেন লটারিজয়ী বাড।

সূত্র: মিরর ইউকে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!