ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মস্কোর সঙ্গেই থাকতে চায় ইউক্রেনের ৪ প্রদেশের জনগণ: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৩
মস্কোর সঙ্গেই থাকতে চায় ইউক্রেনের ৪ প্রদেশের জনগণ: পুতিন
ভ্লাদিমির পুতিন - ফাইল ছবি

রাশিয়া কর্তৃক অধিকৃত ইউক্রেনের চার প্রদেশ দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জয়া ও খেরসনের জনগণ মস্কোর সঙ্গেই থাকতে চায় বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক ভিডিওবার্তায় এ তথ্য জানান তিনি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযানের ৬ মাসের মধ্যে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া, খেরসন— এই চার প্রদেশের দখল নিতে সক্ষম হয় রুশ বাহিনী। পরে ওই বছর ২৯ সেপ্টেম্বর সাংবিধানিকভাবে ওই চারটি প্রদেশকে নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে রাশিয়া।

Advertisement

শুক্রবার তার বর্ষপূর্তি উপলক্ষে পুতিনের ভিডিওবার্তাটি প্রকাশ করেছে রাশিয়ার সরকার।

দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসনে সম্প্রতি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ইউক্রেনপন্থী ও মস্কোপন্থী— উভয় মতের সমর্থক প্রার্থী দাঁড়িয়েছিলেন এবং জয়ী হয়েছেন মস্কোপন্থী প্রার্থীরা।

শুক্রবারের ভিডিওবার্তায় সাম্প্রতিক সেই নির্বচানের ফলাফলকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, ‘মাত্র এক বছর আগে এই দিনে ঐতিহাসিক গণভোটের মাধ্যমে রুশ ভূখণ্ডে যুক্ত হওয়া দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসনের বাসিন্দারা আরও একবার সেইসব প্রার্থীদের ভোট দিয়েছেন— যারা নিজেদের শ্রম ও যোগ্যতার মাধ্যমে এই চার প্রদেশের জনগণের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছেন।’

পশ্চিমা বিশ্ব অবশ্য এখন পর্যন্ত এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি। আর এই চার অঞ্চলের দখল ফিরে পেতে রুশ বাহিনীর ওপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইউক্রেনীয় বাহিনী, যা ইতোমধ্যে পরিচিতি পেয়েছে কাউন্টার অফেন্সিভ হিসেবে।

তবে গত জুন থেকে বহুল আলোচিত এই পাল্টা অভিযান চালিয়েও তেমন সুবিধা করতে পারছে না ইউক্রেন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!