একদিনে দেশত্যাগ করলো ৬০ হাজার ইসরায়েলি
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। শনিবার কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ইসরায়েলে ঢুকে পড়েন হামাসের প্রায় ১ হাজার সেনা। তারা ইসরায়েলে প্রবেশ করে সামরিক অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালানো শুরু করেন। যা গত দুইদিন ধরে অব্যাহত রয়েছে। হামলার কারণে ইসরায়েলের নাগরিকরা দেশটি ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন।
টাইমস অব ইসরায়েলসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, একদিনে দেশটির তেল আবিবের গুরিয়ান বিমানবন্দর দিয়ে অন্তত ৬০ হাজার ইসরায়েলি দেশত্যাগ করেছেন। এখনো হাজার হাজার মানুষ ইসরায়েল ছাড়ার জন্য বিমানবন্দরে ভিড় করছেন।
এদিকে আতঙ্কের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি দেশটিতে ফ্লাইট স্থগিত করেছে। আমেরিকান বিভিন্ন বিমান কোম্পানিও ফ্লাইট বাতিল করেছে। এতে করে যাত্রীদের চাপ বেড়েছে। হাজার হাজার মানুষ দেশ ছাড়ার জন্য ভিড় করছেন।
.png)
গ্লোবসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বেন গুরিয়ান বিমানবন্দরের টার্মিনাল-১ বন্ধ রয়েছে। বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল দিয়ে অপারেশন পরিচালনা করা হচ্ছে। একদিনে এ বিমানবন্দর দিয়ে অন্তত ৬০ হাজার ইসরায়েলি দেশত্যাগ করেছেন।
এদিকে সংবাদমাধ্যম এএফপির এক প্রতিদবেদনে বলা হয়েছে, জার্মানির বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান লুফথানসা, আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান এমিরেটস ও গ্রিক কোম্পানি এজিন এয়ার লাইনসও দেশটিতে তাদের ফ্লাইট বাতিল করেছে। একই পদক্ষেপ নিয়েছে ফরাসি, ইতালি, স্প্যানিশ ও পোলান্ডের বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান।
সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, তেল আবিবে ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলোতে ইসরায়েলি নাগরিকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। পশ্চিমা পর্যটনবিষয়ক অফিসগুলোর দেওয়া তথ্যমতে, সম্প্রতি ইসরায়েলি পাসপোর্টের পাশাপাশি অন্যান্য পশ্চিমা দেশের পাসপোর্ট নেয়ার আগ্রহ বেড়ে গেছে।