ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় ১৩ জিম্মি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫১, ১৩ অক্টোবর ২০২৩
গাজায় ইসরায়েলি হামলায় ১৩ জিম্মি নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবিরাম বিমান হামলায় অন্তত ১৩ জিম্মি নিহত হয়েছেন বলে দাবি করেছে অঞ্চলটির ক্ষমতাসীন স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

হামাসের সামরিক শাখা ইজজেদিন আল-কাসাম ব্রিগেডের দাবি, গত ২৪ ঘণ্টার হামলায় বিদেশিসহ এসব জিম্মির মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলি বিমান হামলায় ছোড়া বোমার আঘাতে বিদেশিসহ ১৩ জিম্মি নিহত হয়েছেন। ভিন্ন ভিন্ন পাঁচ স্থানে বিমান হামলায় তাদের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (৭ অক্টোবর) ইসরায়েল আক্রমণ করে প্রায় ১৫০ জনকে জিম্মি করেছে হামাস যোদ্ধারা। তাদের গাজায় নিয়ে যাওয়া হয়েছে। হামাস বলেছে, যদি গাজার সাধারণ মানুষের ওপর বিমান হামলা বন্ধ করা না হয় তাহলে জিম্মিদের হত্যা করা হবে।

হামাসের এই হুমকির পর যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস আইটিভিকে বলেছিলেন, হামাসের দাবিগুলো খুব ‘সতর্কতা’র সঙ্গে বিবেচনা করতে হবে। তবে এটি ‘গভীর উদ্বেগের’ বিষয়।

চলমান সংঘাতে ছয় দিনে গাজায় ছয় হাজার বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল। তাদের হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ১ হাজার ৫০০ ছাড়িয়েছে। চার লাখ ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অপর দিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩০০ জন।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!