ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক সেই তামিমিকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৯, ৬ নভেম্বর ২০২৩
ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক সেই তামিমিকে গ্রেফতার
আহেদ তামিমি - ফাইল ছবি

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা সেই আলোচিত তরুণী আহেদ তামিমিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় ‘সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার’ অভিযোগে ২২ বছর বয়সী এই উদীয়মান লেখককে গ্রেফতার করা হয়।

তামিমির মা বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে বিষয়টি নিশ্চিত করেন। পরে ইসরায়েলের সেনাবাহিনীও তাকে গ্রেফতারের কথা জানায়। এর আগে গত সপ্তাহে শহরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী তামিমির বাবাকে গ্রেফতার করেছিল।

Advertisement

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে বলেন, রামাল্লা শহরের কাছে নবী সালিহ শহরে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সন্দেহে আহেদ তামিমিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, তামিমিকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আহেদ তামিমির মা নরিমান তামিমি বলেন, আহেদকে আমাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলি বাহিনী বাড়িতে তল্লাশি চালিয়ে পরিবারের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে।

তামিমি ১৪ বছর বয়সে বিখ্যাত হয়ে ওঠেন যখন তিনি তার ছোট ভাইকে আটক করার কারণে ইসরায়েলি সেনাকে কামড় দেন। একজন ইসরায়েলি সেনাকে আক্রমণ করার জন্য তাকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এরপর ২০১৭ সালে ১৬ বছর বয়সে গুরুতর আক্রমণসহ ১১টি অভিযোগে ফিলিস্তিনি কর্মী আহেদ তামিমিকে আটক করা হয় তার নিজের গ্রাম নবী সালেহ থেকে। দুই ইসরায়েলি সেনাকে লাথি মারার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরে তাকে ও তার ছোট ভাইকে গ্রেফতার হয়েছিল। এর পরই ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে সেই তামিমি।

তামিমি তখন থেকে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের আন্তর্জাতিক প্রতীক হয়ে উঠেছেন। জেরুজালেমের কাছে বেথলেহেমের পশ্চিম তীরের সাথে ইসরায়েলি সীমান্ত দেয়ালে তার একটি বড় প্রতিকৃতি আঁকা হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার ফলে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী হামাসের সাথে যোগসূত্র বা সহিংসতা উসকে দেওয়ার সন্দেহে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজারর ৭৭০ জনে।নিহতদের মধ্যে ৪ হাজার ৮ জনই শিশু ও ২৫৫০ জন নারী।

বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় (রোববার সন্ধ্যা পর্যন্ত) গাজায় ইসরায়েলি হামলা অন্তত ২৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হাতে অন্তত ১৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ২ হাজার ২০০ জন। সব মিলিয়ে গাজা ও পশ্চিম তীরে নিহতের মোট সংখ্যা ৯ হাজার ৯২৩ জন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!