ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কঙ্গোতে সেনা নিয়োগের সময় পদদলিত হয়ে নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩১, ২১ নভেম্বর ২০২৩
কঙ্গোতে সেনা নিয়োগের সময় পদদলিত হয়ে নিহত ৩৭
ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ রিপাবলিক অব কঙ্গোতে সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষার রেজিস্ট্রেশন করতে গিয়ে পদদলিত হয়ে ৩৭ জন তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাতে রাজধানী ব্রাজাভিলের একটি স্টেডিয়ামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য স্টেডিয়ামের বাইরে হাজার হাজার তরুণ জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে অনেকে জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। আর তখনই পদদলনের ঘটনা ঘটে।

Advertisement

এতে ৩৭ জন নিহত হওয়া ছাড়াও অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকার।

গত সপ্তাহে সেনাবাহিনী ঘোষণা দেয় তারা ১৮ থেকে ২৫ বছর বয়সী ১ হাজার ৫০০ তরুণকে নিয়োগ দেবে। এরপর সেটির রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নিয়োগ কেন্দ্রগুলোতে প্রতিদিন প্রায় ৭০০ জন চাকরি প্রত্যাশী রেজিস্ট্রেশন করছিলেন।

বর্তমানে কঙ্গোতে তরুণদের মধ্যে ৪২ শতাংশই বেকার। অনেক তরুণ মনে করেন সেনাবাহিনীতেই তারা হয়ত চাকরি পেতে পারেন।

সোমবার রাতে মিচেল ডি’ওরনানো স্টেডিয়ামে ঠিক কি ঘটেছিল সেটি এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে ওই স্টেডিয়ামটিতে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এর আগের দিন থেকেই তরুণরা স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে যান।

ব্র্যান্ডন তেসেতো নামের একজন গ্র্যাজুয়েট, যিনি পদদলন থেকে বেঁচে গেছেন, তিনি জানান, রেজিস্ট্রেশনের জন্য সোমবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি।

ব্র্যান্ডন বলেন, ‘আয়োজকদের তথ্য অনুযায়ী, এটি ছিল রেজিস্ট্রেশনের শেষ দিন। এ কারণে আমরা অনেকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নেই, আশা করেছিলাম রেজিস্ট্রেশন করব।’

তিনি আরো বলেন, ‘অনেকে এতটাই অধৈর্য্য হন যে তারা জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। এতে পদদলনের ঘটনা ঘটে। এতে অনেক নিহত ও আহত হন। আমরা এ ঘটনায় মর্মাহত।’

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!