পদত্যাগ করছেন বোয়িং সিইও
নিরাপত্তা ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করছেন প্লেন-নির্মাতা সংস্থা বোয়িংয়ের প্রধান নির্বাহী (সিইও) ডেভ ক্যালহাউন। পাশাপাশি, এর বাণিজ্যিক এয়ারলাইন্স বিভাগের প্রধানও অবিলম্বে অবসর নেবেন এবং চেয়ারম্যান আর নির্বাচনে দাঁড়াবেন না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক সংস্থাটি।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে উড্ডয়নের পরপরই একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স প্লেনের অব্যবহৃত দরজা খুলে উড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সংস্থাটির সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন দেখা দেয়।
বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে বোয়িংয়ের নেতৃত্বে পরিবর্তন জরুরি হয়ে পড়েছিল।
.png)
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের প্রাথমিক প্রতিবেদনে জানায়, দরজাটিতে চারটি বোল্ট লাগানো ছিল না। এ ঘটনায় বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হচ্ছে। পাশাপাশি, প্লেনটিতে থাকা যাত্রীদের কাছ থেকেও আইনি ব্যবস্থার মুখে পড়ছে সংস্থাটি।
সিএফআরএ রিসার্চের ইক্যুইটি বিশ্লেষক স্টুয়ার্ট গ্লিকম্যান বলেন, (বোয়িংয়ের) শীর্ষ নেতৃত্বে ঝাঁকুনি প্রয়োজন। তিনি বিশ্বাস করেন, সংস্থাটির বর্তমান সংকট এর করপোরেট সংস্কৃতির সমস্যা থেকে উদ্ভূত হয়েছে, যার সমাধান কেবল নতুন অন্তর্দৃষ্টি দিয়েই সম্ভব।
এর আগে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিধ্বস্তের ঘটনায় ৩৪৬ জন নিহতের ঘটনায় ২০১৯ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে যান ডেনিস মুলেনবার্গ।