ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৬, ২ এপ্রিল ২০২৪
‘সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়’
ফাইল ছবি

সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে ইসরায়েলের হামলায় কোনোভাবেই যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে দাবি করেছে বাইডেন প্রশাসন। সোমবার হামলার পরপরই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করে যুক্তরাষ্ট্র।

ইরানি কনস্যুলেটে হামলার বিষয়টি এই অঞ্চলে উত্তেজনা আরো বাড়াবে বলে উল্লেখ করেছেন হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এমনকি এ ধরনের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানতো না বলেও দাবি করেছেন তিনি। এ বিষয়ে ইরানের সাথে সরাসরি যোগাযোগ করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

এদিকে ইরানি কনস্যুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান।

Advertisement

সোমবার দামেস্কের মেজ্জেহ জেলায় অবস্থিত ইরানের কনস্যুলেটে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত হয়েছে।

ইরান এবং সিরিয়া সরকার ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানি দূতাবাসের পাশের একটি ভবন ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

যদিও সিরিয়ার লক্ষ্যবস্তুতে সাম্প্রতিক সময়ে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েল। ইরান এবং এর সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে যারা যুক্ত এবং বিপ্লবী গার্ড বাহিনীর অর্থায়ন এবং প্রশিক্ষণপ্রাপ্ত গোষ্ঠীগুলোর ওপর প্রায়ই ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে।

সোমবারের ওই হামলাকে বেশ গুরুতর বলেই বিবেচনা করা হচ্ছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের একটি কনস্যুলেট ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করতে সক্ষম হলেও অন্য ক্ষেপণাস্ত্রগুলি পুরো কনস্যুলেট ভবনকে ধ্বংস করে দিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং ওই ভবনে থাকা বাকিরা আহত হয়েছেন।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই ভবন থেকে মরদেহ সরিয়ে নিতে এবং আহতদের উদ্ধারে কাজ চলছে। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে হতাহতের সংখ্যা এবং নিহতদের নাম প্রকাশ করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!