ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুক হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩২, ২১ এপ্রিল ২০২৪
যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুক হামলা, নিহত ২
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেনেসির মেমফিস শহরে একটি ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয় জন।

শনিবার (২০ এপ্রিল) হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মেমফিস পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মেমফিস পুলিশ জানায়, হামলায় আটজন হতাহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন ঘটনাস্থলে মারা গেছেন। আহত ছয় জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। একজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এর আগে ওই ঘটনায় ১৬ জন গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছিল পুলিশ। অনুমতি ছাড়াই এ ব্লক পার্টি আয়োজন করা হয়েছিল। ২০০ থেকে ৩০০ মানুষ সেখানে যোগ দিয়েছিল।

ব্লক পার্টি হলো কোনও একটি এলাকার বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে তাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান। এ ধরনের অনুষ্ঠান সড়ক, খোলা স্থান কিংবা জনসমাগমের জায়গায় আয়োজন করা হয়ে থাকে।

মেমফিস পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান সেরেলিন ডাভিস জানিয়েছেন, হামলায় অন্তত দুজন অংশ নিয়েছিল। ওই দুই সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে।

ঘটনা বা সন্দেহভাজনদের সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাতে পারেনি পুলিশ।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!