যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা দু’জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টার কিছুক্ষণ আগে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরেই তানানা নদীর কাছে এটি বিধ্বস্ত হয়।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডগলাস ডিসি-৪ নামের ওই কার্গো বিমানটি মঙ্গলবার ফেয়ারব্যাঙ্কস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়। বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি যুক্ত হয়েছিল।
.png)
আলাস্কার জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, নদীর তীরবর্তী এক খাড়া পাহাড়ের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় এতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই।
তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। দ্য ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) জানিয়েছে, বিষয় তদন্ত করে দেখা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, সেখানকার বেশকিছু গাছেও আগুন ধরে গেছে। যদিও এসব ছবির সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম।
সূত্র: সিবিএস নিউজ