ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ৫ মে ২০২৪
জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৫
ফাইল ছবি

জম্মু-কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর গাড়িবহরে সন্ত্রাসী হামলায় এক সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। শনিবার (৪ মে) বিকেল সোয়া ৬টার দিকে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এ হামলার ঘটনা ঘটে। সে সময় সেনারা জরানওয়ালি থেকে বিমান বাহিনী স্টেশনের দিকে যাচ্ছিলেন।

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পুঞ্চের সুরানকোটে এলাকার সানাই গ্রামে শনিবার ভারতীয় বিমানবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। গাড়ির সামনের কাচ লক্ষ্য করে হঠাৎ ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে। বিমানবাহিনীর সেনারাও পাল্টা জবাব দেন।

তবে এই গোলাগুলিতে আহত হন পাঁচ সেনা। প্রত্যেকেরই শরীরে এক বা একাধিক গুলি লেগেছে। তাদের উদ্ধার করে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় উধমপুর সেনা হাসপাতালে। সেখানে এক সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিমানবাহিনী।

Advertisement

এদিকে হামলার পর থেকেই ওই এলাকায় তৎপর হয়ে উঠেছে নিরাপত্তা বাহিনী। হামলার পরপরই স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের পক্ষ থেকে শুরু হয় তল্লাশি। জঙ্গিদের ঘাঁটি খুঁজতে পথে নামেন নিরাপত্তারক্ষীরা। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযান চলছে। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন সেনারা।

ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতি দিয়ে শনিবারের ঘটনার কথা জানিয়েছে। পাশাপাশি হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানোর কথাও জানিয়েছে তারা। যে এলাকায় হামলাটি হয়, সেখানে মোতায়েন করা হয়েছে বিমানবাহিনীর বিশেষ দলকে।

গণমাধ্যমটি বলেছে, পুঞ্চ এলাকায় নিরাপত্তাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চলতি বছরে এটাই প্রথম। গত বছর এ ধরনের হামলা একাধিকবার হয়েছিল। জানা গেছে, পুঞ্চে কাজ সেরে বিমানবাহিনীর ঘাঁটিতে ফিরছিল সেনাদের ওই গাড়ি। ফেরার পথেই এই হামলা হলো। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আগে থেকে ওই এলাকায় ঘাপটি মেরে ছিল জঙ্গিরা। সেনাদের পাল্টা গুলিতে কোনো জঙ্গি আহত হয়েছে কি না তা জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!