সংঘাতের কারণে নিজের দেশেই ঘরছাড়া সাড়ে ৭ কোটি মানুষ!
বিশ্বজুড়ে রেকর্ড ৭ কোটি ৫৯ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছেন। উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদান ও মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের কারণে এ সংখ্যা বেড়েছে।
মঙ্গলবার (১৪ মে) বেসরকারি সংগঠন ইন্টারনাল ডিসপ্লেসড মনিটরিং সেন্টার (আইডিএমসি) এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি বলছে, গত পাঁচ বছরে নিজ দেশের সীমানার ভেতর উদ্বাস্তুর সংখ্যা ৫০ শতাংশের বেশি বেড়েছে। ২০২২ সাল শেষে এ সংখ্যা ছিল ৭ কোটি ১১ লাখ।
.png)
সংঘাতসহ নানা কারণে যারা উদ্বাস্তু হয়ে নিজ দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হন, তাদের শরণার্থী হিসেবে বিবেচনা করা হয়। আর যারা নিজ দেশের সীমানার ভেতরই এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত হন, তাদের অভ্যন্তরীণ উদ্বাস্তু ধরা হয়।
বার্ষিক প্রতিবেদনে আইডিএমসি বলছে, সংঘাত ও সহিংসতায় বিশ্বের প্রায় ৬ কোটি ৮৩ লাখ মানুষকে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হতে হয়েছে। আর দুর্যোগের কারণে হয়েছেন আরে প্রায় ৭৭ লাখ মানুষ।
আইডিএমসির পরিচালক আলেকজান্দ্রা বিলাক বলেন, ‘গত দুই বছরের বেশি সময়ে আমরা উদ্বেগজনকভাবে সংঘাত ও সহিংসতার কারণে নতুন করে রেকর্ডসংখ্যক মানুষকে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হতে দেখেছি।’
আলেকজান্দ্রা আরে বলেন, সংঘাত ও এর ফলে মানুষ যে ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়, তা থেকে বেরিয়ে এসে নতুন করে জীবন সাজাতে লাখো মানুষের বছরের পর বছর সময় লেগে যায়।
সূত্র: আল-জাজিরা