এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গাল্ফ নিউজ জানিয়েছে, মক্কায় বসবাসরত বৈধ প্রবাসী এবং স্থায়ী সৌদি নাগরিকদের জন্য এই প্যাকেজটির কথা ভাবা হচ্ছে। এতে তাদের অর্থ সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, হজযাত্রা প্রক্রিয়াকে আরো সহজ করতে এবং অংশগ্রহণকারীদের জন্য হজের সামগ্রিক অভিজ্ঞতা বাড়ানোর জন্য সরকার এই পরিকল্পনা এগিয়ে নিতে চায়।
.png)
এই প্যাকেজে যারা হজ করতে চান তাদের আগে থেকেই অর্থ পরিশোধ করতে হবে। তবে এতে আরাফাত, মক্কার দক্ষিণপূর্বাঞ্চল বা মীনায় অবস্থানের বিষয়টি সংযুক্ত থাকবে না।
এর বদলে প্যাকেজটির সুবিধাভোগীরা নির্দিষ্ট কয়েকটি স্থানে জড়ো হতে পারবেন। সেখান থেকে যোহরের নামাজের পর তাদের আরাফাতে নিয়ে যাওয়া হবে।
এরপর যাচাই-বাছাই করা হবে তারা আগে কখনও হজ করেছেন কি না এবং মক্কার বাসিন্দা কি না। এ দুটি বিষয় নিশ্চিত হওয়ার পরই কেবল হজের অনুমতি দেয়া হবে।
এই প্যাকেজ অনুযায়ী, এসব হজযাত্রী আরাফাতে অবস্থানের সময় বাসের ভেতরই থাকবেন। এরপর ওইদিন দিনের শেষ দিকে তাদের মুজদালিফায় নিয়ে যাওয়া হবে। সেখানে তারা নুড়ি পাথর সংগ্রহ করবেন এবং মীনাতে শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করবেন।
যেহেতু এসব হজযাত্রীর মীনায় থাকার কোনো ব্যবস্থা থাকবে না তাই তারা তাদের বাড়িতেই রাতটি অবস্থান করবেন। তবে একদিনের হজের প্যাকেজ বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।