ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে ৩০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৬, ২৯ মে ২০২৪
বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে ৩০ শতাংশ
ফাইল ছবি

গত বছর মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে ৩০ শতাংশ। ২০২৩ সালে বিশ্বব্যাপী রেকর্ডকৃত মৃত্যুদণ্ডের সংখ্যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

অ্যামনেস্টির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ১৬টি দেশে মোট এক হাজার ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য রেকর্ড করা হয়েছে। আগের বছরের (২০২২ সাল) তুলনায় এই সংখ্যা ৩০ শতাংশ বেশি।

জানা গেছে, অ্যামনেস্টির প্রতিবেদনে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য অন্তর্ভুক্ত করা যায়নি। বিশেষ করে চীনে প্রতিবছর অনেক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ধারণা করা হয়। এছাড়া গত বছর জাপান, বেলারুশ, মিয়ানমার ও দক্ষিণ সুদানে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো তথ্য পাওয়া যায়নি।

Advertisement

২০২৩ সালে ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা অনেক বেড়েছে। গত বছর বিশ্বজুড়ে যত মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে, তার মধ্যে ৭৪ শতাংশই ইরানে। আর ১৫ শতাংশ ঘটেছে সৌদি আরবে।

অ্যামনেস্টি জানিয়েছে, ২০২৩ সালে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ৮৫৩টি। এছাড়া ২০২২ সালে ইরানে ৫৭৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর আগের বছর (২০২১) এ সংখ্যা ছিল ৩১৪ জন। 

অ্যামনেস্টির রেকর্ড অনুযায়ী, ২০১৫ সালে বিশ্বে সবচেয়ে বেশি এক হাজার ৬৩৪টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে। এরপর ২০২৩ সালেই বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটলো।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!