ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বৃটিশ রানির বিশাল ‘গুপ্তচর বাহিনী’, রহস্যের জট খুললো ৪২৮ বছর পর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ১ জুলাই ২০২৪
বৃটিশ রানির বিশাল ‘গুপ্তচর বাহিনী’, রহস্যের জট খুললো ৪২৮ বছর পর
ছবি: রানি প্রথম এলিজাবেথ

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের সাবেক রানি প্রথম এলিজাবেথের গোপন গুপ্তচর বাহিনী ছিল। গোপন এক নথি থেকে এ তথ্য জানা গেছে। ওই নথির নাম ‘দ্য নেমস অব দ্য ইন্টেলিজেন্সার্স’। এক পাতার ওই নথি ১০০ বছরের বেশি সময় ধরে দেশটির ন্যাশনাল আর্কাইভসে সংরক্ষিত ছিল।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান– জানিয়েছে, এ নথি ৪২৮ বছরের পুরোনো। রানি এলিজাবেথের গুপ্তচরের প্রধান (স্পাইমাস্টার) হিসেবে কাজ করতেন রবার্ট সেসিল। তারই গোয়েন্দা প্রতিবেদনের অংশ এটি।

সেসিল ১৬০৫ সালে রাজা প্রথম জেমসকে হত্যাচেষ্টায় ব্যবহৃত গানপাউডার ষড়যন্ত্র উদ্‌ঘাটন করেছিলেন। রানি এলিজাবেথের ওই নথি সেসিল যেভাবে সংরক্ষণ করে রেখেছিলেন, তা থেকে ধারণা করা যায়, ব্রিটিশ রাজপরিবার কীভাবে এই গুপ্তচর নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য ইউরোপীয় রাজার ওপর চরম গোপনীয়তার মাধ্যমে গুপ্তচরবৃত্তি চালাতো।

Advertisement

ইতিহাসবিদ স্টিফেন আলফোর্ড ১৫ বছর আগে এ তালিকা খুঁজে পেয়েছিলেন। তার ধারণা, এটা ছিল ইংল্যান্ডের প্রথম সংগঠিত কোনো গোয়েন্দা নেটওয়ার্ক। ওই নথি খুঁজে পাওয়ার পর আলফোর্ড সব গোয়েন্দার তথ্য একত্র করার কাজ করছেন।

আলফোর্ড বলেন, ‘ওই নথিতে যেসব গোয়েন্দার নাম আছে, তাদের কয়েকজনকে আমি চিনতে পারি। তাদের কেউ কেউ রানি এলিজাবেথের উপদেষ্টা বা তার কাছাকাছি ছিলেন। এছাড়া অনেককেই আমি চিনি না।’

তিনি আরো বলেন, তালিকায় নামের পাশে গোয়েন্দাদের বিশেষ নম্বর (ফোলিও) দেওয়া ছিল। গুপ্তচরদের তালিকাটি ভিক্টোরিয়ান আর্কাইভিস্টরা বিবিধ ফাইলে রেখেছিলেন। সেসিল ১৫৯৬ সালে এই নথি লেখা শুরু করেন।

আলফোর্ড বিভিন্ন পুরোনো আর্কাইভ ঘেঁটে গুপ্তচরদের তথ্য বের করার চেষ্টা করছেন। লন্ডন টাওয়ারে সংরক্ষণব্যবস্থা ভালো না থাকায় অনেক নথি নষ্ট হয়ে গেছে।

তবে আলফোর্ড গবেষণা করে দেখেছেন, সেসিল অনেকটাই সংগঠিত গোয়েন্দা বাহিনী গড়ে তুলেছিলেন। লিসবন, ক্যালাইস, ব্রাসেলস, সেভিল, রোম, আমস্টারডাম, স্কটল্যান্ড, সুইডেনসহ বিভিন্ন শহরে তার ২০ জনের বেশি গুপ্তচর ছিল।

আলফোর্ড বলেন, গুপ্তচর হিসেবে সেসিল ব্যবসায়ীদের বেছে নিতেন, কারণ তারা ভ্রমণের পাশাপাশি লেখাপড়া জানতেন। তারা ইউরোপের ভাষা জানতেন এবং তাদের নিজস্ব নেটওয়ার্ক ছিল।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!