ফরাসি রেল কর্তৃপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে ট্রেন সেবা স্বাভাবিক হতে এক সপ্তাহ লেগে যেতে পারে।
রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে অপারেটর এসএনসিএফ জানিয়েছে, অগ্নিসংযোগকারীরা প্যারিসকে উত্তরে লিলি, পশ্চিমে বোর্দো এবং পূর্বে স্ট্রাসবার্গের মতো শহরগুলোর সাথে সংযোগকারী লাইন বরাবর স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল। হামলায় পুরো রেল ব্যবস্থায় মারাত্মক ক্ষতি হয়েছে। এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলা। রেল ব্যবস্থা পুরোপুরি পঙ্গু করে দেওয়ার জন্যই এই হামলা করা হয়েছে।
.png)
ধারণা করা হচ্ছে, এই হামলার ফলে অন্তত অন্তত ৮ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। সংস্থাটি ভ্রমণকারীদের তাদের যাত্রা স্থগিত করার আহ্বান জানিয়েছে। রেললাইনগুলোর মেরামত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্স। তবে এ ঘটনায় শনিবার পর্যন্ত ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে। ট্রেনগুলো তাদের ছেড়ে যাওয়ার পয়েন্টে ফেরত পাঠানো হচ্ছে।
এসএনসিএফ এক বিবৃতিতে বলেছে, ‘গত রাতে আটলান্টিক, উত্তর এবং পূর্ব হাইস্পিড লাইনে এসএনসিএফ বেশ কয়েকটি ভাঙচুরের শিকার হয়েছিল। আমাদের স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছিল।’
অলিম্পিক উপলক্ষে ফ্রান্সে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আয়োজনটির নিরাপত্তা নিশ্চিতে ৪৫ হাজারেরও বেশি পুলিশ, ১০ হাজার সেনা এবং দুই হাজার ব্যক্তিগত নিরাপত্তা এজেন্ট মোতায়েন করা হয়েছে। খেলার পুরোটা সময় স্নাইপাররা ছাদে থাকবে এবং ড্রোন দিয়ে আকাশ থেকে নজর রাখা হবে।
তবে কারা কোন উদ্দেশ্যে এ ধরনের হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
সূত্র: এনডিটিভি