ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নদীতে ছেলের সামনেই বাবাকে টেনে নিলো কুমির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৪, ২৯ জুলাই ২০২৪
নদীতে ছেলের সামনেই বাবাকে টেনে নিলো কুমির
কুমির - ফাইল ছবি

নদীতে মাছ ধরতে গিয়ে ছেলের সামনেই বাবাকে টেনে নিয়ে গেছে কুমির! লোকজন ডেকে আনতে আনতেই জেলেকে নিয়ে হয়ে গেলো উধাও। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা গোবর্ধনপুর থানার সত্যদাসপুর গ্রামে ঘটেছে এ ঘটনা।

জানা গেছে, রোববার (২৮ জুলাই) দুপুরে আব্বাস উদ্দিন শেখ নামে এক ব্যক্তি তার ১২ বছরের ছেলে জামাল শেখকে নিয়ে ডিঙি নৌকায় করে জগদ্দল নদীতে মাছ ধরতে যান। নৌকায় দাঁড়িয়ে নদীতে জাল ফেলেন আব্বাস। ঠিক সেসময়ই একটি কুমির তাদের নৌকায় লেজ দিয়ে সজোরে ধাক্কা দেয়। ঘটনার আকস্মিকতায় নৌকা থেকে নদীতে পড়ে যান আব্বাস। তার ছেলে কিছু বোঝার আগেই কুমিরটি তাকে পানির নিচে টেনে নিয়ে যায়।

আব্বাস উদ্দিনের ছেলে জামালের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং গোবর্ধনপুর কোস্টাল থানা ও রামগঙ্গা বনদপ্তরে খবর পাঠান। কর্মকর্তারা দ্রুতি ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি অভিযান শুরু করেন। রোববার রাত পর্যন্ত তল্লাশি চললেও আব্বাস উদ্দিনের কোনো খোঁজ মেলেনি। সোমবার সকাল থেকে পুলিশ ও বনদপ্তরের যৌথ উদ্যোগে পুনরায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুমিরটিকে আগে কখনও দেখা যায়নি। তবে একমাস আগে একই নদীতে কুমিরের আক্রমণে একটি শিশুর মৃত্যু হয় এবং দুদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

আব্বাস উদ্দিনের ছেলে জামাল জানিয়েছে, ‘নদীতে জাল ফেলার সঙ্গে সঙ্গে হঠাৎ ডিঙি কেঁপে ওঠে। আব্বা নদীতে পড়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে ওঠেন, কুমিরে ধরেছে। আব্বা আমাকে বলে লোকজন ডাকতে। আমি সাঁতার কেটে পাড়ে এসে সবাইকে ডেকে নিয়ে যাই।’

গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ জানিয়েছে, রোববার রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়েছে। সোমবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত আব্বাস উদ্দিনের খোঁজ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!