ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি বর্বর হামলায় আরো ৭১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ২৬ আগস্ট ২০২৪
ইসরায়েলি বর্বর হামলায় আরো ৭১ ফিলিস্তিনি নিহত
ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ১১২ জন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৪০৫ জনে। আহত হয়েছেন আরো ৯৩ হাজার ৪৬৪ জন।

সোমবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

Advertisement

একই তথ্য দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রোববার গাজায় একের পর এক হামলা করেছে দখলদার ইসরায়েল। এসব হামলায় হতাহত অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুরাও তাদের কাছে পৌঁছাতে পারেননি।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমানায় প্রবেশ করে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলি এই হামলায় বাদ পড়েনি, হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা। এসব হামলা ও বোমা বর্ষণে হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!