ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় সশস্ত্র যোদ্ধাদের হামলা, নিহত ৮১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৭, ৪ সেপ্টেম্বর ২০২৪
নাইজেরিয়ায় সশস্ত্র যোদ্ধাদের হামলা, নিহত ৮১
ফাইল ফটো

পশ্চিম আফ্রিকার সংঘাত কবলিত দেশ নাইজেরিয়ার একটি গ্রামে সশস্ত্র যোদ্ধাদের হামলায় অন্তত ৮১ জনের মুত্যু হয়েছে। গ্রামটির দোকানপাট ও মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিলে এ ঘটনা ঘটে। দেশটিতে সক্রিয় থাকা জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা এ হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ৮১ জন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

ইয়োবে রাজ্যের পুলিশের মুখপাত্র আব্দুল করিম ডুঙ্গুস বলেছেন, ‘রোববার প্রায় ১৫০ জন সন্দেহভাজন বোকো হারামের সশস্ত্র যোদ্ধারা রাইফেল এবং আরপিজি (রকেট চালিত গ্রেনেড) দিয়ে হামলা চালায়। তারা ৫০টিরও বেশি মোটরসাইকেলে করে মাফা ওয়ার্ডে আসে।’

Advertisement

তিনি আরো বলেন, ‘সশস্ত্র ব্যক্তিরা মানুষকে হত্যা করেছে এবং অনেক দোকান ও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। হামলায় নিহতদের প্রকৃত সংখ্যা আমরা এখনো নিশ্চিত করতে পারিনি।’ 

ডুঙ্গুস ধারণা করছেন এটি একটি প্রতিশোধমূলক আক্রমণ। গ্রামের ভিজিলেন্টরা বোকো হারামের দুই ‘সন্ত্রাসীকে’ হত্যার প্রতিবাদে এ হামলা চালাতে পারে।

স্থানীয় কর্মকর্তা বুলামা জালালুদ্দীন বলেছেন, ‘হামলায় কমপক্ষে ৮১ জন নিহত হয়েছে। সেনারা যখন মরদেহগুলো উদ্ধারে মাফায় পৌঁছেছিল ততক্ষণে পনেরোটি লাশ দাফন করা হয়ে গিয়েছিল।’ 

তিনি আরো জানান, ‘এগুলো ছাড়াও আরো কিছু নিহতদের দাফন করা হয়েছিল। অনেক লোক এখনও নিখোঁজ এবং তাদের কোনো হদিস পাওয়া যায়নি।’

বোকো হারাম এবং অন্যান্য গোষ্ঠী উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বিগত ১৫ বছর বিদ্রোহ চালিয়ে ৪০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। মধ্য এবং উত্তর-পশ্চিম নাইজেরিয়া বছরের পর বছর ধরে ‘দস্যু’ নামে পরিচিত অপরাধীদের দলে জর্জরিত। যারা গ্রামে অভিযান চালায়, বাসিন্দাদের হত্যা করে, অপহরণ করে এবং লুটপাট করার পর বাড়িঘর পুড়িয়ে দেয়।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!