এদিকে বেশ কয়েকটি সূত্র সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি গোলাবর্ষণের কারণে শনিবার গাজার কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী শিবিরে তিন নারী এবং দুই শিশু নিহত হয়েছেন।
আলাদাভাবে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। উত্তর গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ার আবু ইস্কান্দার এলাকায় আমর ইবনে আল-আস স্কুলে হামলায় আহত হয়েছে ২০ জন।
.png)
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় অন্তত আরো ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৯৩৯ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত ৯৪ হাজার ৬১৬ জন ব্যক্তিও আহত হয়েছেন।
মন্ত্রণালয় বলেছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৬১ জন নিহত এবং আরো ১৬২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।