ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কারাগার, পালিয়ে গেল প্রায় ৩০০ বন্দি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪
নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কারাগার, পালিয়ে গেল প্রায় ৩০০ বন্দি
ফাইল ফটো

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত একটি কারাগার থেকে পালিয়ে গেছেন প্রায় ৩০০ বন্দি। মূলত বিধ্বংসী বন্যায় কারাগারের দেয়াল ধসে পড়ার পর গত সপ্তাহের শুরুতে তারা পালিয়ে যান। অবশ্য পলাতক বন্দিদের পুনরায় আটক করতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বংসী বন্যায় গত সপ্তাহের শুরুতে উত্তর-পূর্ব নাইজেরিয়ার মাইদুগুরিতে একটি কারাগারের দেয়াল ধসে পড়ার ফলে ২৮১ জন বন্দি পালিয়ে গেছেন বলে কারা কর্তৃপক্ষ রোববার জানিয়েছে।

Advertisement

নাইজেরিয়ার সংশোধনমূলক পরিষেবার মুখপাত্র উমর আবুবাকার এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা সংস্থাগুলোর অভিযানে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে সাতজনকে পুনরায় আটক করা হয়েছে।

আবুবকর বলেন, ‘ভয়াবহ এই বন্যা মিডিয়াম সিকিউরিটি কাস্টডিয়াল সেন্টারের পাশাপাশি শহরের স্টাফ কোয়ার্টারসহ কারাগারের দেয়ালগুলোকেও ধসিয়ে দিয়েছে।’

পালিয়ে যাওয়া বাকি কয়েদিদের উদ্ধারের অভিযান চলছে বলেও জানান তিনি।

গত সপ্তাহের শুরুতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়েছে অঞ্চলটি। ভারি বৃষ্টিপাতের পর বন্যা শুরু হয়। বন্যায় রাষ্ট্রীয় মালিকানাধীন একটি চিড়িয়াখানাও ধ্বংস হয়ে যায়। ফলে চিড়িয়াখানা থেকে কুমির এবং সাপও পানিতে ভেসে যায়।

আফ্রিকার এই দেশটির জরুরি সংস্থার মতে, বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে এবং আরো ১০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরো কয়েক লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা আশ্রয় শিবিরে যেতে বাধ্য হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!