হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহতের দাবি ইসরায়েলের
লেবাননের রাজধানী বৈরুতে অব্যাহত হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।
তবে এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি হিজবুল্লাহ। সংগঠনটির নেতৃত্বে ৩২ বছর ধরে রয়েছেন এই হাসান নাসরুল্লাহ।
এক বিবৃতিতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী-আইডিএফ জানিয়েছে, তাদের হামলায় শুধু হিজবুল্লাহ প্রধানই নন বরং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডারসহ অন্যান্য সিনিয়র নেতাও নিহত হয়েছে।
আইডিএফ আরো জানিয়েছে, বৈরুতের দাহিহ এলাকায় একটি আবাসিক ভবনের নীচে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দফতরে হামলা চালিয়েছে ইসরায়েলি ফাইটার জেট।
শনিবার এক্স পোস্টে ইসরায়েল সেনাবাহিনী লিখেছে, সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েল বাহিনী নির্মূল করেছে। হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারে না।
এদিকে ইসরায়েলি হামলায় গত তিনদিনে লেবানন ছেড়ে সিরিয়ায় পাড়ি দিয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।