ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে দুই শতাধিক রকেট ছুড়লো হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ৩ অক্টোবর ২০২৪
ইসরায়েলে দুই শতাধিক রকেট ছুড়লো হিজবুল্লাহ
ফাইল ফটো

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে লেবাননে বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। চলছে স্থল অভিযানও। তবে থেমে নেই লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। প্রায় প্রতিদিনই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এরই ধারাবাহিকতায় ইসরায়েলে বুধবার ২৪০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছোড়া হয়। এতে দুই ঘণ্টার কম সময় নেয়া হয়েছে। এই রকেটগুলোর বেশির ভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট।

এছাড়া উত্তর ইসরায়েলের বেইত হিল্লেলের উপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। এতে সামরিক হেলিকপ্টারটি পিছু হটতে বাধ্য হয়।

Advertisement

তবে হেলিকপ্টারটি ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা তা জানায়নি হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনী থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লেবাননে ইসরায়েলের বোমা হামলা এবং গত সোমবার থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি হেলিকপ্টারে এটিই হিজবুল্লাহর প্রথম ক্ষেপণাস্ত্র হামলা।

এদিকে স্থল অভিযানেও হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের কবলে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের সীমান্ত এলাকাগুলোতে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে তিনটি পৃথক স্থানে ইসরায়েলি সেনাদের তীব্র যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে আটজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং আহত হয়েছে বহু। হতাহতদের অনেককে বিমানে করে দ্রুত ফেরত আনতে বাধ্য হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

গত বছর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার পর থেকে দেশটিতে প্রায়ই হামলা চালাচ্ছিল ইরানসমর্থতি গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননে হামলা চালিয়ে এর পাল্টা জবাবও দিচ্ছিল ইসরায়েলও। তবে গত মাসের মাঝামাঝি সময় থেকে হামলা পরিমাণ বাড়ায় দেশটি। এতে নিহত হন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতা।

হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এর পরপর মঙ্গলবার ইসরায়েলে আনুমানিক ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনী।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!