এদিকে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হারিকেনের প্রভাবে ফ্লোরিডার টাম্পা এবং সেন্ট পিটাসবার্গে ১৮ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। এই এলাকাগুলোতে একদিনে এত বৃষ্টি এক হাজার বছরেও একবার হতে দেখা যায় না। কিন্তু এবার হারিকেন মিল্টনের প্রভাবে এমন বৃষ্টিপাত হয়েছে। অপরদিকে বিশ্বখ্যাত স্বচ্ছপানির সমুদ্র সৈকতে ১৪ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন জানায়, হারিকেন মিল্টনের মূল কেন্দ্রটি ফ্লোরিডা উপদ্বীপ অতিক্রম করছে এবং পূর্ব উপকূল থেকে সরে যাচ্ছে।
.png)
তবে ক্যাটাগরি-১ হারিকেনের শক্তি ধরে রাখা মিল্টন এখনো উপকূলের বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাসসহ তাণ্ডব চালাচ্ছে। সিএনএনের আবহাওয়াবিদ ডেরেক ভেন ড্যাম জানিয়েছেন, হারিকেনের প্রভাবে ফ্লোরিডার ট্রেজার উপকূলে একাধিক টর্নেডো সৃষ্টি হতে পারে। এছাড়া বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাসও দেখা দিতে পারে।
ঝড়টি এখনো পুরোপুরি অতিক্রম না করায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে হারিকেনের কারণে সৃষ্ট একাধিক টর্নেডোতে অসংখ্য ঘরবাড়ি ধসে পড়েছে বলে শোনা যাচ্ছে।
ঝড়টির শক্তি বেশি থাকায় জরুরি পরিষেবা সংস্থার কর্মীরাও তাদের কাজ বন্ধ রাখেন। যখন এটি স্থল থেকে আবারও সমুদ্রে চলে যাবে তখন তারা তাদের কাজ শুরু করবেন।