ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হাশেম সাফিউদ্দিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪, ২৪ অক্টোবর ২০২৪
হাশেম সাফিউদ্দিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করল হিজবুল্লাহ
ফাইল ফটো

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতা হাশেম সাফিউদ্দিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। তিনি হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল।

বুধবার (২৩ অক্টেবার) এক বিবৃতিতে ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদলটি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। সাইয়্যেদ হাসেম সাফিয়েদ্দিন তার জীবনের বেশিরভাগ সময় হিজবুল্লাহ, ইসলামি প্রতিরোধ ও এর সমাজের সেবায় উৎসর্গ করেছেন। তবে তিনি কখন মারা গেছেন তা নির্দিষ্ট করে বলেনি তারা।

এর আগে হাসেম সাফিয়েদ্দিনকে হত্যার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল। তাকে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে তিন সপ্তাহ আগে এক হামলায় হত্যা করা হয়। তবে গতকাল প্রথমবারের মতো ইসরায়েলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ইসরায়েলের দাবি ছিল, সাফিয়েদ্দিন সম্ভবত তাদের হামলায় মারা গেছেন।

Advertisement

ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, আমরা নাসরুল্লাহ, তার উত্তরসূরি ও হিজবুল্লাহর অধিকাংশ শীর্ষ নেতাদের ধরেছি। যারা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার হুমকি দেয় তাদেরও আমরা ধরব।

নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করতেন সাফিয়েদ্দিন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন, যা প্রতিরোধ যোদ্ধাদলটির সামরিক কার্যক্রম পরিচালনা করে।

হাসেম সাফিয়েদ্দিন হাসান নাসরাল্লাহর চাচাতো ভাই এবং তার মতোই একজন ধর্মীয় নেতা। তিনি মহানবী হযরত মোহাম্মদের (সা.) বংশধর হিসেবে পরিচিতমূলক কালো পাগড়ি পরেন।

গত মাসে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হলে হিজবুল্লাহর সম্ভাব্য নতুন নেতা নিয়ে আলোচনায় আসেন হাসেম সাফিয়েদ্দিন। হাসেম সাফিয়েদ্দিনের পারিবারিক সম্পর্ক এবং নাসরুল্লাহর সঙ্গে তার শারীরিক সাদৃশ্য ছিল। তিনি মহানবী হযরত মোহাম্মদের (সা.) বংশধর। এ কারণে তার ধর্মীয় মর্যাদাও ছিল। এসব বিষয় হিজবুল্লাহর হাল ধরতে তার পক্ষে সহায়ক হতে পারত।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!