সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, রুশ বাহিনী কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মস্কোর সবচেয়ে বড় সাফল্য গত ১ অক্টোবর ইউক্রেনের কৌশলগত ভুহলেদার শহর দখল নেওয়া, যা আরও অগ্রগতির পথ খুলে দিয়েছে।
মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী কাতেরিনিভকা ও বোহোয়াভলেনকা গ্রামগুলো দখল করেছে। গ্রাম দুটি কুরাখোভ শহরের দক্ষিণে প্রায় ১৩ ও ১৫ কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
.png)
কুরাখোভ শহরটি দোনেৎস্কের গুরুত্বপূর্ণ পোকরভস্ক শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত।
পোকরভস্ক রাশিয়ার সীমান্তবর্তী দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য একটি মূল রসদ কেন্দ্র হিসাবে কাজ করে।
বিবৃতিতে আরো দাবি করা হয়, তাদের বাহিনী পোকরোভস্কের প্রায় ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত হিরনিক গ্রামের নিয়ন্ত্রণও নিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ গ্রাম হারানোর বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলেনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে বলেছেন, মস্কো ইউক্রেনের দনবাস অঞ্চল দখল করাকে অগ্রাধিকার দিচ্ছে। যার মধ্যে রয়েছে পূর্ব ইউক্রেনের লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চল।