বুধবার (৬ নভেম্বর) এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিন সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতেও কয়েক দফা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা।
.png)
ইসরায়েলের সঙ্গে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর এক বছর ধরে লড়াই চলছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই ওই লড়াইয়ের সূত্রপাত হয়। তবে গত সেপ্টেম্বর থেকে সংঘাত তীব্রতর হয়েছে।
ইসরায়েল লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা জোরদার করেছে। পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে লেবানন সীমান্তের বিভিন্ন গ্রামে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বালবেক শহর ও বেকা উপত্যকায় ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫৩ জন। তবে এসব হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতেও হামলা চালাচ্ছে ইসরায়েল।
ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণের শহরতলিগুলো থেকে বাসিন্দাদের গতকাল সরে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু বাড়িঘর ছাড়ার সুযোগ না দিয়ে ওই দিনই এলাকাগুলোয় হামলা চালান তারা। গতকাল রাতে এক দফার পর আজ বৃহস্পতিবার সকালে আরেক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
লেবাননের আল-জাদিদ টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ অন্তত চারটি হামলার ঘটনা ঘটেছে। তবে আজকের হামলায় এখনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাশেম গতকাল বলেছেন, রাজনৈতিক কোনো পদক্ষেপ এই সংঘাতের অবসান ঘটাবে বলে মনে করেন না তিনি। ইসরায়েল হামলা চালানো বন্ধ করলে অন্তত আলাপ-আলোচনার পথ খুলতে পারে।
এরইমধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এ প্রচেষ্টা ব্যর্থ হয়।
এক বছর ধরে ইসরায়েলি হামলায় লেবাননে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগ নিহত হয়েছেন গত ছয় সপ্তাহে।
এদিকে হিজবুল্লাহ বলেছে, গতকাল তারা বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম বলেছে, বিমানবন্দরটির কাছে একটি রকেট বিস্ফোরিত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলে লেবানন থেকে বেশকিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে কয়েকটি ধ্বংস করা হয়েছে।
সূত্র: রয়টার্স