ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কিউবায় ৬.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪২, ১১ নভেম্বর ২০২৪
কিউবায় ৬.৮ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পে ধসে পড়া বাড়ি- ছবি: সংগৃহীত

ব্ল্যাক আউট ও হ্যারিকেন অস্কারের আঘাতে বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ কিউবায় এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভূমিকম্পে কেউ হতাহত হয়নি, তবে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু ঘরবাড়ি ধসে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রোববার কিউবার বারটোলোমি মাসো থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে এ ভূমিকম্প আঘাত হানে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেছেন, ভূমিকম্পের কারণে বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তবে কেউ নিহত বা আহত হয়নি। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

ইউএসজিএস জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে দেশটিতে ৫ অথবা তার বেশি মাত্রার ২৩টি ভূমিকম্প আঘাত হেনেছে।

সান্তিগোর বাসিন্দা গ্রিসেলডা ফার্নান্দেজ বলেন, ভূমিকম্প এর আগেও আমরা দেখেছি। কিন্তু এত তীব্র ভূমিকম্প কখনো দেখিনি।

আরেকজন বলেন, হঠাৎ ভবনগুলো দুলতে শুরু করেছিল। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। অনেকেই দরজার কাছে আশ্রয় নিয়েছিলাম।

গত কয়েক মাস ধরেই বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে কিউবা। কিছুদিন আগে জাতীয় গ্রিডে সমস্যার কারণে সারাদেশ ব্ল্যাক আউট হয়ে পড়েছিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ১ কোটি মানুষ। তার মধ্যেই আঘাত হেনেছিল শক্তিশালী হ্যারিকেন অস্কার। এসব দুর্যোগে মারা গেছেন ৬ জন মানুষ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!