দিল্লির স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশিদের সন্তান শনাক্তের নির্দেশ
অবৈধ বাংলাদেশি অভিবাসী শিক্ষার্থীদের শনাক্ত করতে এবং তাদের জন্ম সনদ ইস্যু না করতে দিল্লির স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে দিল্লি পৌর করপোরেশন (এমসিডি)। বিধানসভা নির্বাচনের আগে এমন নির্দেশ জারি নিয়ে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) ও বিজেপির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।
অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সেক্রেটারিয়েট আদেশ দেওয়ার কয়েকদিন পরই এই নির্দেশনা এলো।
জানা গেছে, দিল্লি নগর নিগম এই মুহূর্তে আম আদমির দখলে। তবে দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব সরাসরি অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে। সূত্রের খবর অনুসারে, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই দিল্লি পুরনিগমের তরফে স্কুলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে হবে। দরকারে সব পড়ুয়ার পরিচয়পত্র খতিয়ে দেখা হোক। সন্দেহভাজন পড়ুয়াদের তথ্য সাপ্তাহিক ভিত্তিতে জমা দিতে হবে প্রশাসনকে। তারপর প্রশাসন ওই পড়ুয়ার অভিভাবকসহ পরিবার সম্পর্কে তথ্যতালাশ করবে।
এছাড়া এমসিডি সকল জোনকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
বৈঠকের আলোচনার ভিত্তিতে এমসিডি সংশ্লিষ্ট দফতর প্রধান ও জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। স্কুলে ভর্তি নেয়ার সময় সঠিক পরিচয় যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে।
এমসিডির ডেপুটি কমিশনার বিপি ভারদ্বাজ জানান, জন্ম নিবন্ধনের সময় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কোনো জন্ম সনদ ইস্যু না করা হয়, তা নিশ্চিত করতে জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জন্ম নিবন্ধন যাচাইয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এমসিডি জানিয়েছে, প্রতিটি শুক্রবার কী কী ব্যাবস্থা নেয়া হয়েছে তার রিপোর্ট ডেপুটি কমিশনারের (এইচকিউ) কাছে জমা দিতে হবে। সকল স্কুল প্রধানকে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।