ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
ব্রাজিলে ছোট আকারের একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রামাদো শহরে রোববার এই দুর্ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, বিমানটিতে পাইলট হিসেবে ছিলেন ব্রাজিলের একজন ব্যবসায়ী লুইজ ক্লাউডিও গালেজ্জি। বিমান বিধ্বস্তের ঘটনায় তিনিসহ তার স্ত্রী ও তাদের তিন কন্যা নিহত হয়েছেন। এ ছাড়া পরিবারের আরো অন্য সদস্যও নিহত হয়েছে।
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিমান বিস্ফোরণের ঘটনায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর গ্রামাদোতে ওই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধারকাজে ছুটে এলেও বিমানটিতে থাকা কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
জানা গেছে, প্রথমে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের চিমনিতে গিয়ে ধাক্কা মারে। এর পর এটি একটি বাড়ির দোতলায় গিয়ে দ্বিতীয়বার ধাক্কা খায়। শেষ পর্যন্ত একটি দোকানের ওপর গিয়ে এটি ভেঙে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। এই দুর্ঘটনার জেরে ওই দোকান-সংলগ্ন একটি রেস্তোরাঁও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন গ্রামাদোর গভর্নর এডুয়ার্ডো লেইট। তিনি বলেন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, যাত্রীদের বেশির ভাগেরই বিমান ভেঙে পড়ার পর আগুনের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।
গভর্নর ছাড়াও শহরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিমানে থাকা যাত্রীরা ছাড়াও এই ঘটনায় স্থানীয় কেউ আহত হয়েছেন কি না, তার খোঁজ চলছে।