ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভয়ংকর ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, কয়েক রাজ্যে জরুরি অবস্থা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৫, ৫ জানুয়ারি ২০২৫
ভয়ংকর ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, কয়েক রাজ্যে জরুরি অবস্থা
ছবি: সংগৃহীত

শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। ঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তুষারপাত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ঝড়টি দেশটির মধ্য অঞ্চলে শুরু হয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব দিকে যাবে। সেই সঙ্গে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস (এনডব্লিউএস)।

সংবাদমাধ্যম বিবিসি রোববার (৫ জানুয়ারি) জানিয়েছে, ঝড়ের কারণে কেন্টাকি ও ভার্জিনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া মিসিসিপি ও ফ্লোরিডার মতো রাজ্য, যেগুলোর বাসিন্দারা তীব্র ঠান্ডার সঙ্গে পরিচিত নয়, তাদের এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বলেছে, কিছু কিছু জায়গায় গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হতে পারে। 
অ্যাকুওয়েদারের আবহাওয়াবিদ ড্যান ডেপোডিন বলেছেন, ঝড়টির কারণে ২০১১ সালের পর যুক্তরাষ্ট্রের মানুষ সবচেয়ে ঠান্ডা জানুয়ারিতে প্রত্যক্ষ করতে পারে। মেরু ঘূর্ণির কারণে আবহাওয়ায় এমন বিরূপ পরিস্থিতি দেখা যাচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। মেরু ঘূর্ণি একটি ঠান্ডা বায়ুময় এলাকা, যেটি আর্কটিক অঞ্চল দিয়ে চলাচল করে।

আবহাওয়াবিদ রায়ান মাও বলেন, ঝড়ের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এমন ঝড় আমরা গত কয়েক বছর দেখিনি।

ধারণা করা হচ্ছে, ভয়ঙ্কর এ ঝড়টির প্রভাবে সাধারণ মানুষের প্রতিদিনকার কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। এছাড়া সড়কপথ বন্ধও হয়ে যেতে পারে। কানসাসে প্রায় ৮ ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে। অপরদিকে মধ্য পশ্চিমাঞ্চলে তুষার ঝড় হওয়ার সম্ভাবনাও আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!