ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আদালতের নির্দেশে মকবুল ফিদা হুসেনের চিত্রকর্ম জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭, ২৩ জানুয়ারি ২০২৫
আদালতের নির্দেশে মকবুল ফিদা হুসেনের চিত্রকর্ম জব্দ
মকবুল ফিদা হুসেন। ছবি: সংগৃহীত

ভারতের প্রখ্যাত শিল্পী মকবুল ফিদা হুসেনের দুটি বিতর্কিত চিত্রকর্ম জব্দ করার নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। অভিযোগ রয়েছে, এই চিত্রকর্ম দুটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং তা হিন্দু দেব-দেবীদের নগ্ন রূপে চিত্রিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার আদালত পুলিশকে নির্দেশ দেন দিল্লি আর্ট গ্যালারিতে প্রদর্শিত হুসেনের চিত্রকর্ম দুটি জব্দ করতে। ২৬ অক্টোবর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এ গ্যালারিতে প্রদর্শিত ১০০টিরও বেশি চিত্রকর্মের মধ্যে দুটি চিত্রকর্ম নিয়ে এই বিতর্কের জন্ম হয়।

অভিযোগকারীরা জানান, চিত্রকর্মগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, বিশেষ করে এতে হিন্দু দেব-দেবীদের নগ্ন অবস্থায় প্রদর্শন করা হয়েছে।

Advertisement

গ্যালারি কর্তৃপক্ষ জানায়, তারা আইনি পরামর্শ নিচ্ছে এবং তারা আইনি প্রক্রিয়ায় কোনো পক্ষ নেবে না। আইনজীবী অমিতা সচদেবা গত ৪ ডিসেম্বর চিত্রকর্ম দুটি দেখে পুলিশের কাছে অভিযোগ দাখিল করেন। ১০ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা গ্যালারিতে গিয়ে দেখতে পান, চিত্রকর্ম দুটি সরিয়ে ফেলা হয়েছে। গ্যালারি কর্মকর্তারা দাবি করেন, তারা কখনোই ঐ চিত্রকর্ম প্রদর্শন করেননি।

মকবুল ফিদা হুসেনের চিত্রকর্ম নিয়ে বিতর্ক নতুন নয়। ২০০৬ সালে তার ‘মাদার ইন্ডিয়া’ চিত্রকর্মের জন্য তিনি অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত হন। ঐ চিত্রকর্মে ভারতের মানচিত্রের রূপে এক নগ্ন নারী চিত্রিত করা হয়েছিল, যা সে সময় ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল। বিতর্কের পর হুসেন দেশ ছেড়ে লন্ডনে চলে যান এবং ২০১১ সালে মৃত্যুবরণ করেন।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!