খামেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা, নিহত ৯
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলা ও ব্যাপক সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে।
রোববার (১ মার্চ, ২০২৬) করাচির মাই কোলাচি রোডে অবস্থিত মার্কিন কনস্যুলেটের বাইরে শত শত ইরানপন্থি বিক্ষোভকারী জড়ো হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার খবরে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা দূতাবাসের দিকে অগ্রসর হয়, জানালা ভাঙচুর করে, আগুন ধরিয়ে দেয় এবং ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।
পুলিশ ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ এবং গুলি চালায়। এতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বেঁধে যায় এবং গুলিতে অন্তত ৯ জন নিহত হয়। আহত হয় ৩০ জনেরও বেশি বিক্ষোভকারী। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।
এডহি ফাউন্ডেশনের মতো উদ্ধারকারী সংস্থা ও স্থানীয় হাসপাতাল সূত্রে নিহতের সংখ্যা ৮ থেকে ৯ বলে নিশ্চিত করা হয়েছে। ঘটনার পর করাচিতে উচ্চ সতর্কতা জারি করে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র চলমান সংঘাতের প্রভাব পাকিস্তানের মাটিতে ছড়িয়ে পড়ার ঘটনা এটি। বর্তমানে পুরো এলাকায় পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ বলে জানা গেছে।
সূত্র: জিও নিউজ