আইআরজিসি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানকে 'লক্ষ্যবস্তু' ঘোষণা করল
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংযুক্ত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর অফিস ও অবকাঠামো এখন থেকে তাদের কাছে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আইআরজিসি-সমর্থিত তাসনিম নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব কোম্পানির প্রযুক্তি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। গুগল, মাইক্রোসফট, পালান্টির, আইবিএম, এনভিডিয়া এবং ওরাকলের মতো শীর্ষ প্রযুক্তি জায়ান্টের নাম উল্লেখ করা হয়েছে।
তাসনিমের ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক সংঘাত এখন অবকাঠামো-কেন্দ্রিক যুদ্ধে রূপ নিচ্ছে, ফলে ইরানের লক্ষ্যবস্তুর পরিধিও বিস্তৃত হচ্ছে। বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা এসব কোম্পানির ক্লাউডভিত্তিক অবকাঠামোকে সরাসরি হুমকির মুখে আনা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণা ভবিষ্যতে সাইবার যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো বড় সাইবার হামলার খবর পাওয়া যায়নি, তবু এই বার্তার মাধ্যমে ইরান ইঙ্গিত দিয়েছে যে যুদ্ধের ক্ষেত্র শুধু সামরিক নয়, প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামোতেও বিস্তৃত হতে পারে।
সূত্রঃ ক্যালিবার. এজ